শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

হিজবুল্লাহ-হামাস-হুথি একযোগে দিলো খামেনি হত্যার বদলা নেয়ার ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা ও অনিশ্চয়তা আরও তীব্র হয়েছে। তাকে ঘিরে গড়ে ওঠা ইরান-সমর্থিত জোট ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুমকি দিচ্ছে।

এই নেটওয়ার্কের অন্যতম প্রধান শক্তি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। বিভিন্ন আঞ্চলিক সূত্র দাবি করছে, ইরানের বিপ্লবী গার্ড কোর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সরাসরি হিজবুল্লাহর সামরিক পুনর্গঠন তদারকি করছে, যাতে নেতৃত্বের শূন্যতা সত্ত্বেও প্রতিরোধ অক্ষের কার্যক্রম অব্যাহত থাকে।

ফিলিস্তিনি সংগঠন হামাস খামেনির মৃত্যুকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে এর জন্য সরাসরি ওয়াশিংটন ও তেল আবিবকে দায়ী করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, এই ঘটনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ভেঙে দিয়েছে এবং এর প্রতিক্রিয়া হবে সুদূরপ্রসারী।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতা আব্দুল মালিক আল-হুথি প্রকাশ্যে যুদ্ধের ইঙ্গিত দিয়ে বলেছেন, মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষায় তারা যেকোনো স্তরের সংঘাতে প্রস্তুত। লোহিত সাগরে পশ্চিমা জাহাজে হামলা জোরদারের হুমকিও দেওয়া হয়েছে। একই ধরনের সতর্কবার্তা এসেছে ইরাকভিত্তিক শিয়া মিলিশিয়াদের দিক থেকেও। বিশেষ করে কাতায়িব হিজবুল্লাহ পুরো অঞ্চলে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর আশঙ্কা প্রকাশ করেছে।

এদিকে খামেনির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে জল্পনা বাড়ছে। সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন তার পুত্র মোজতাবা খামেনি এবং সাবেক আইআরজিসি কর্মকর্তা ও রাজনীতিক আলি লারিজানি। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো ঘোষণা হয়নি।

বিশ্লেষকদের মতে, নেতৃত্ব পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান ও প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাটাগরি