কলাতলীর অগ্নিকাণ্ডে দগ্ধ আব্দুর রহিমের মৃত্যু
কলাতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুর রহিম (৩৯)। মঙ্গলবার সকাল ৮টার কিছু পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে কলাতলীর অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জনের মধ্যে দুইজনের মৃত্যু হলো।
নিহতের ছোট ভাই নুর আহমদ জানান, গত বুধবার কলাতলীর কক্সবাজার এলপিজি স্টেশনে গ্যাস লিকেজের পর অগ্নিকাণ্ডে আব্দুর রহিমসহ ছয়জন দগ্ধ হন। তাদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে আবু তাহের ও আব্দুর রহিমকে একসঙ্গে গত শুক্রবার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এ স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে আব্দুর রহিম মারা যান।
আব্দুর রহিম ছিলেন কলাতলীর এন. আলমের মালিকানাধীন গ্যাস পাম্পসংলগ্ন একটি গ্যারেজের মালিক। অগ্নিকাণ্ডে তার গ্যারেজ এবং নিজ মালিকানাধীন চারটি জিপ পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সময় নিহত সিএনজি অটোরিকশাচালক আবু তাহেরের সঙ্গে তিনি গ্যারেজে ছিলেন। তারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। আগুনে আবু তাহেরের শরীরের ৯০ শতাংশ এবং আব্দুর রহিমের ৭০ শতাংশ পুড়ে যায়।
প্রয়াত আব্দুর রহিমের বাড়ি পূর্ব কলাতলীর চন্দ্রিমা মাঠ এলাকায়। মৃত্যুকালে তিনি তিন স্ত্রী ও সাত সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নুর আহমদ আরও জানান, ঢাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে স্বজনরা কক্সবাজারের পথে রওনা দেবেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।