বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না : পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পরিবেশ ধ্বংস করে বা পাহাড় কেটে কোনো ধরনের রিসোর্ট কিংবা পর্যটন কেন্দ্র নির্মাণ বরদাশত করা হবে না।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে পরিষদের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে পর্যটন শিল্পের বিকাশ সরকার সমর্থন করে না। বরং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে ইকো-ট্যুরিজম গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি আরও জানান, বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার স্বাস্থ্য ও শিক্ষা খাত। অবকাঠামো উন্নয়ন প্রয়োজন অনুযায়ী চলমান থাকবে। দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমন্বয়হীনতা কাজের গতি কমিয়ে দেয়। তাই প্রতিটি উন্নয়ন কার্যক্রমে জেলা পরিষদের সঙ্গে সমন্বয় এবং নিয়মিত মনিটরিং নিশ্চিত করতে হবে।

উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উন্নয়নের নামে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে অর্থ অপচয়ের সুযোগ আর থাকবে না। প্রতিটি কাজের যথাযথ তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

সভায় কর্মকর্তারা পাহাড়ি অঞ্চলের দুর্গমতার বিষয়টি তুলে ধরে বলেন, সমতলের তুলনায় পাহাড়ে পরিবহন ও শ্রম ব্যয় বেশি হওয়ায় টেন্ডার সিডিউল রেট পুনর্বিবেচনা প্রয়োজন। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়।

কাজল তালুকদার–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি