মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ১১০০ বেসামরিক নিহত
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-এ চলমান সহিংসতায় ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৮১ জন। এছাড়া আহত বেসামরিক মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ জনে, যার মধ্যে অন্তত ১০০ শিশু রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এইচআরএএনএ’র দাবি, এসব হামলায় সামরিক ঘাঁটির পাশাপাশি চিকিৎসা কেন্দ্র ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু হয়েছে।
এছাড়া আরও কয়েক শ মানুষের মৃত্যুর খবর যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।