ঈদে তিন দিনের সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
কক্সবাজারে তিন দিনের এক সরকারি সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী শুক্রবার (২০ মার্চ) বিকেলে তিনি ঢাকা থেকে আকাশপথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন।
১৮ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসান প্রেরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার পৌঁছে তিনি সার্কিট হাউজে অবস্থান করবেন। পরে রাত ৯টার দিকে পেকুয়ায় নিজ বাড়িতে গিয়ে রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন শনিবার (২১ মার্চ) পেকুয়া সদরের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন মন্ত্রী। নামাজ শেষে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। একইদিন দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন প্রাঙ্গণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
সফরের শেষ দিন রোববার (২২ মার্চ) বিকেলে কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।