মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করে। আইএসপিআরের এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে রোববার টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে তৎকালীন র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদের নামও রয়েছে। সে সময় কক্সবাজার র‍্যাব-৭-এর আওতাধীন ছিল।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন সাবেক পৌর কাউন্সিলর ও টেকনাফ উপজেলা যুবলীগের তৎকালীন সভাপতি একরামুল হক। এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিচার ও জবাবদিহির দাবি জানিয়ে আসছিলেন তাঁর পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো।

এদিকে, ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসা বাংলাদেশি কর্মকর্তাদের তালিকায় সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের পাশাপাশি মিফতাহ উদ্দিন আহমেদের নামও ছিল। সেনা হেফাজতে নেওয়ার আগে তিনি বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ক্যাটাগরি