মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়ায় তিন পেট্রোল পাম্পে অভিযান, অনিয়মে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ে অনিয়মের অভিযোগে তিনটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালিত এ অভিযানে চারটি মামলায় মোট ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে পাম্পগুলোর জ্বালানি তেলের মজুদ, বিক্রয় রেজিস্টার এবং মিটার যাচাই করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানের শুরুতে কুতুপালং এলাকার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে রেজিস্টার যাচাইয়ের সময় মিটারে গরমিল পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করা হয়।

পরবর্তীতে পালংখালী এলাকার মেসার্স ইউসুফ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপর একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে আরও ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ট্যাগ অফিসার, বিএসটিআইয়ের প্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

ক্যাটাগরি