বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ওই এলাকার দুটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৬০ লাখ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লাখ মিটার কারেন্ট জাল এবং ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দকৃত জালসমূহ টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে বলে জানান তিনি।

ক্যাটাগরি