খরুলিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত, আশঙ্কাজনক অবস্থায় একজন
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খরুলিয়া এলাকায় মোটরসাইকেল ও ড্রাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রিফাত জানান, রিসান, আরফাত ও সানি একটি মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে তারা সামনে থাকা একটি টমটমকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরফাতকে মৃত ঘোষণা করেন। আহত সানির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য শরিফ উদ্দিন জানান, নিহত আরফাত দরগাহ স্টেশন এলাকার বাসিন্দা এবং রিসান ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল ৬ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। আহত সানি একই এলাকার নুরুল আলমের ছেলে।
নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।