মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বিএসসি’র নতুন দুই জাহাজে আয় ৫০ কোটি

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) নতুন দুটি জাহাজ পরিচালনা করে অল্প সময়ে প্রায় ৫০ কোটি টাকা আয় করেছে। আন্তর্জাতিক রুটে চলাচলরত জাহাজ দুটি বর্তমানে দৈনিক গড়ে প্রায় ২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২৫ লাখ টাকায় ভাড়ায় (চার্টারে) নিয়োজিত।

এর মধ্যে একটি এমভি বাংলার প্রগতি গত বছরের ২৩ অক্টোবর এবং অপর জাহাজ এমভি বাংলার নবযাত্রা চলতি বছরের ২৯ জানুয়ারি বিএসসি’র বহরে যুক্ত হয়।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে সংস্থাটির সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এসব তথ্য জানান।

জাহাজের বহর আরও বড় করার চেষ্টা চলছে জানিয়ে মাহমুদুল মালেক বলেন, জি টু জি ভিত্তিতে দুটি ক্রুড ওয়েল মাদার ট্যাংকার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনতে অর্থায়নের জন্য গত ১১ মার্চ ঋণচুক্তিতে চীনা পক্ষের স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তিনি জানান, গত ২ এপ্রিল সরকারি অর্থায়নে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রতিটি ৪০ হাজার থেকে ৫৫ হাজার ডিডব্লিউটি সম্পন্ন দুটি প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার জাহাজ ক্রয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে প্রকল্পটি একনেক সভায় উপস্থাপনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

বিএসসি ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, সংস্থার বহরে বর্তমানে মোট সাতটি জাহাজ রয়েছে।

ক্যাটাগরি