সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে অপহরণ চক্রের কবল থেকে ৪ জন উদ্ধার, গ্রেপ্তার ২

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণ আদায় ও মানব পাচারের উদ্দেশ্যে অপহরণের শিকার চারজনকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ ঘটনায় দুইজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেলে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, শুক্রবার রাতে সিপিসি-১ টেকনাফের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র কয়েকজন রোহিঙ্গাকে জোরপূর্বক সাগরপথে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় করে নিয়ে যাচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। পরে সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা থামালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে র‍্যাব সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নেয়ামত উল্লাহ (২৯) ও শাহ আলম (৩৭)। তারা টেকনাফের নতুন পল্লান পাড়া এলাকার বাসিন্দা।

অভিযানে চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এক ভিকটিম জানান, গত ১০ এপ্রিল বালুখালী ক্যাম্প এলাকা থেকে তাকে অপহরণ করে এনে মারধর করা হয় এবং পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অন্যান্য ভিকটিমদের কাছ থেকে জানা যায়, অপহরণকারীরা বিভিন্ন স্থান থেকে তাদের তুলে এনে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করছিল। মুক্তিপণ না দিলে শারীরিক নির্যাতন করা হয় এবং বিদেশে পাচারের হুমকি দেওয়া হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জননিরাপত্তা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

ক্যাটাগরি