বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

মেসির অবসর জল্পনায় মুখ খুললেন স্কালোনি

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে আবারও আলোচনায় উঠে এসেছে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ। ৩৯ বছর বয়সী এই কিংবদন্তির জন্য এটিই শেষ বিশ্বকাপ কি না, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবল অঙ্গনে।

তবে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণ মেসির ব্যক্তিগত বিষয়।

ফাইনালের পর দ্য অ্যাথলেটিক-কে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, “মেসির এখন ৩৯ বছর। এটা সত্যিই অবিশ্বাস্য। শুরু থেকেই আমার কাছে বিষয়টি পরিষ্কার ছিল—সে যতদিন খেলতে চাইবে, ততদিনই খেলবে। দলের সবাই, তার সতীর্থরা এবং আশপাশের মানুষ তাকে সমর্থন করবে। আমার বিশ্বাস, সবাই তার অর্জন নিয়ে গর্বিত। কারণ আমার কাছে সে ইতিহাসের সেরা ফুটবলার।”

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও স্পেন। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের লড়াই শেষে ১-০ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ধরে রেখে আর্জেন্টিনার রক্ষণে চাপ সৃষ্টি করে স্পেন। তৃতীয় মিনিটেই টানা দুটি আক্রমণে ব্যস্ত রাখে প্রতিপক্ষকে। লামিন ইয়ামালের শট আর্জেন্টাইন ডিফেন্ডারের গায়ে লেগে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের হাতে জমা পড়ে। পরের আক্রমণও রুখে দেয় আর্জেন্টিনার রক্ষণ।

চতুর্থ মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। তবে প্রায় মধ্যমাঠ পর্যন্ত উঠে এসে দ্রুত সিদ্ধান্তে সেই আক্রমণ নস্যাৎ করেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন।

১৮তম মিনিটে আবারও বিপজ্জনক আক্রমণ চালায় স্পেন। লামিন ইয়ামাল বক্সে ঢুকে ছয় গজ এলাকায় ক্রস তুললেও সতীর্থের কাছে পৌঁছানোর আগেই বলটি নিরাপদে গ্লাভসবন্দি করেন মার্টিনেজ।

এরপর ম্যাচের গতি কিছুটা কমে যায়। মাঝমাঠের দখল নিয়ে দুই দলের লড়াই চললেও পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেউ।

প্রথমার্ধের ৩৮তম মিনিটে আবারও আর্জেন্টিনাকে চাপে ফেলে স্পেন। বাম দিক থেকে আক্রমণ গড়ে বল ডানপ্রান্তে মিকেল ওইয়ারাসাবালের কাছে পৌঁছায়। বক্সের বাইরে থেকে নেওয়া তার জোরালো শট সহজেই ঠেকিয়ে দেন মার্টিনেজ।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্পেন, আর শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার।

ক্যাটাগরি