মাতামুহুরীতে দুই বাড়িতে ডাকাতি, মা-মেয়েকে নির্যাতন: গ্রেপ্তার ৬
নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডলনী ঘোনা এলাকায় সংঘটিত দুই বাড়িতে ডাকাতি ও মা-মেয়ের ওপর নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে সংঘবদ্ধ ডাকাতদল এলাকার দুটি বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরে প্রবেশ করে লুটপাট চালানোর পাশাপাশি এক মা ও তার মেয়ের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন রেজাউল (পিতা: গোলাম কাদের), মেহেদী (পিতা: বসির আহমদ), বাবু (পিতা: মৃত আলম), কেফায়েত (পিতা: মৃত আলম), তানজিদ (পিতা অজ্ঞাত) এবং মনিরুল আলমের এক পুত্র, যার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।
নৃশংস এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।