চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার দুই আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানা পুলিশের একাধিক টিম পৃথকভাবে অভিযান পরিচালনা করে। থানার অফিসার ইনচার্জের নির্দেশে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার দুই আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাইফুল ইসলাম (৩২), আবদুল মজিদ খোকা (২৪), মো. আলমগীর (২৮), জিয়াউদ্দিন ওরফে আফি (২২), মোহাম্মদ রিয়াজ উদ্দিন (১৯) এবং সাজ্জাদ মোহাম্মদ (১৮)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানায়, থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার পলাতক আসামি, ভাসমান অপরাধী এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশের দাবি, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।