রামুতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য!
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রামু থানা পুলিশ। আজ (১০ জুন) উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উখিয়ারঘোনা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর স্বামীর নাম আব্দুল হক। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক এবং পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, এই মনোমালিন্যের জের ধরেই উক্ত গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনাটি আসলেই আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—তা নিয়ে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান: খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন (পোস্টমর্টেম রিপোর্ট) হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।