বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু

সিএনজিতে গোপন কুঠুরি, রামুর মরিচ্যা চেকপোস্টে ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক!

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে সিএনজিটি মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়ে গিয়ে আরও বিস্তারিত তল্লাশি করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিএনজির চালক ও যাত্রী কোনো ধরনের মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে পরবর্তীতে সিএনজির যাত্রীর আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজারের মহেশখালীর গোরঘাটা ডাকঘরাধীন মধ্যম সিপাহির পাড়া গ্রামের মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মো. আনচারুল করিম (৩৫) এবং উখিয়ার মরিচ্যা পাগলির বিল গ্রামের আমিনের স্ত্রী জান্নাত-আরা (২০)। বিজিবি জানিয়েছে, আটক জান্নাত-আরার সঙ্গে তার ৯ মাস বয়সী একটি শিশুও ছিল।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ সফল অভিযান পরিচালিত হয়েছে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাকীব খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সীমান্ত নিরাপত্তা ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ক্যাটাগরি