বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু

গলায় ব্যান্ডেজ, শরীরে ইয়াবা- অভিনব কৌশল ভেস্তে দিল বিজিবি

গলায় ব্যান্ডেজ ঝোলানো হাত এবং অসুস্থ রোগীর ছদ্মবেশে অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তিন নারীর। কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

আটক নারীরা হলেন— জোবায়দা (৪০), তইয়েবা (৪০) ও রাজিমা (৫০)। তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ এর বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম চলছিল। এ সময় একটি সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন নারী নিজেদের অসুস্থ রোগী পরিচয় দিয়ে চিকিৎসার জন্য কক্সবাজার সদরে যাচ্ছেন বলে জানান। তারা নিজেদের কাছে কোনো অবৈধ বস্তু নেই বলেও দাবি করেন। তবে তাদের আচরণ ও চলাফেরা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা আরও নিবিড় তল্লাশি চালান।

একপর্যায়ে তাদের শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তিন নারীকে আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ইয়াবাগুলো কক্সবাজার শহরে সরবরাহের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় মাদক সরবরাহ চক্রের অন্য সদস্যদের শনাক্তে অনুসন্ধান চলছে।

রামু ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাকীব খান বলেন, “আটক তিন নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি