ঈদগাঁওয়ে ৬ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি টমটম (মিনি ইজিবাইক) জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) ভোর রাতে উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব লরাবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঈদগাঁও বাজার এলাকায় দায়িত্ব পালন করছিল। ভোর রাত সোয়া ৩টার দিকে একটি মিনি টমটম দ্রুতগতিতে পূর্ব লরাবাগ এলাকার দিকে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ সদস্যরা গাড়িটিকে অনুসরণ করে এরশাদ স্টোরের সামনে থামাতে সক্ষম হন।
পরে টমটমে থাকা তিনজনকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় একজনের কাছ থেকে ৪ হাজার পিস এবং অপর একজনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী এলাকার আনছার উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (২৫), একই এলাকার কবির আহম্মদের ছেলে মো. কাইয়ুম (২৭) এবং ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদের পাড়া এলাকার মো. কালুর ছেলে মো. নুরুল হুদা ভুট্টু (২৫)।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক কারবারি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।