সেনাবাহিনীর লোগো লাগানো ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক ল্যান্স করপোরাল গ্রেপ্তার
কক্সবাজারে সেনাবাহিনীর লোগো লাগানো একটি বিলাসবহুল টয়োটা ল্যান্ড ক্রুজার থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেটসংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর নির্দেশনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহভাজন একটি টয়োটা ল্যান্ড ক্রুজার (রেজিস্ট্রেশন: ঢাকা মেট্রো-ঘ-২১-৩২২৩) থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশির সময় গাড়ি থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।
এ ঘটনায় ওবায়দুল হাসান (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বগুড়া সদর উপজেলার মণ্ডলবাড়ি, বাগুপাড়া এলাকার বাসিন্দা। পুলিশের তথ্যমতে, তিনি সাবেক ল্যান্স করপোরাল।
কক্সবাজার সদর মডেল থানা জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।