দুই কুকুরকে পিটিয়ে হত্যা: দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই সকাল ১১টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কাঠের রোঁয়া ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে।
পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে।
এ ঘটনায় পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় দক্ষিণ বাদুরা এলাকার মঞ্জু হাওলাদার (৫০) ও জহির হাওলাদারকে (৪৫) আসামি করা হয়েছে। ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের ৭(২) ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলাটি করা হয়েছে।
বাদী ডা. মো. আতিউর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তিনি ঘটনাটি জানতে পারেন। পরে বিষয়টি যাচাই করে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম আদালত) বিচারক আবু বকর সিদ্দিক দুই আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।