জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
রবিবার রাতে রাতে সীতাকুণ্ড থানায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুবেল আফ্রাদ।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, এই ঘটনায় স্থানীয় সন্ত্রাসী গ্রুপ ‘ইয়াসিন বাহিনী’র প্রধান ইয়াসিনসহ ওই এলাকায় বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত ৩৪ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ২০ জনকে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
চট্টগ্রামের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিম উদ্দিন জানান, কীভাবে পানিতে বিষাক্ত কিছু মেশানো হলো তা তদন্ত করতে গিয়ে পানির সাপ্লাই লাইন কেটে প্লাষ্টিক দিয়ে ঢাকা অবস্থায় দেখা গেছে। ওখানে পানির দুটি লাইন দুইদিকে গেছে। একটি স্থানীয় স্কুলের দিকে, অন্যটি যৌথবাহিনীর ক্যাম্পের দিকে। দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর সাপ্লাই লাইনের চাবি বন্ধ করে সেটি কেটে পাইপের ভেতরে বিষাক্ত কিছু মিশিয়ে পুনরায় লাইনটি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেয়। পরে এই পানি ব্যবহার করে পুলিশের কয়েকজন সদস্য অসুস্থ হন। এরপর পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। প্রতিবেদন পেলে পানিতে কী ধরনের পদার্থ মেশানো হয়েছিল তা জানা যাবে।
উল্লেখ্য, গত রবিবার সকালে ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরা পানি পান করতে গিয়ে দুর্গন্ধ ও পানিতে সাদা ফেনা দেখতে পান। সন্দেহ হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে পানি পান করা থেকে বিরত থাকেন। পরে পানির সরবরাহ লাইনের ট্যাংক খুললে সেখানেও ফেনা দেখা যায়। এরপর পার্শ্ববর্তী স্থান থেকে একটি বিষের খালি বোতল পাওয়া যায়।