টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক
কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারকালে হোয়াইক্যং চেকপোস্ট থেকে এক লাখ ছয় হাজার পিস ইয়াবাসহ এক প্রাইভেটকার চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার সকালে উখিয়া-৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)।
বিজিবি জানায়, সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় প্রাইভেটকারটির সামনের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো পলিথিনে মোড়ানো ১৬টি প্যাকেট থেকে এক লাখ ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়ির চালক মো. সাইফুল ইসলাম খোকনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবিকে জানান, ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদকের উৎস, সরবরাহকারী এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।