উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা কমান্ডার জুবাইয়ের নিহত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডার। নিহতের নাম মোহাম্মদ জুবাইয়ের।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের ব্লক এইচ/২৯ এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার সিরাজ আমিন।
তিনি জানান, ভোরে মসজিদে যাওয়ার পথে আরসা কমান্ডার মোহাম্মদ জুবাইয়েরের পথরোধ করে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যরা। এ সময় তারা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এপিবিএন অধিনায়ক আরও জানান, ঘটনার পর ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।