রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালনরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রায় ১৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর শনিবার (৮ আগস্ট) ভোরে ক্যাম্পের একটি ওয়াশরুমের ভেতর থেকে দরজা কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত এএসআই (স) মো. রুবেল হোসেনের বয়স ৩১ বছর। তিনি ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধীনে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এপিবিএন সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) বিকালে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে নিয়মিত রোলকলে এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর সহকর্মীরা ক্যাম্পের বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে শনিবার ভোর ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তিনি দরজায় ধাক্কা দেওয়ার পাশাপাশি ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকান।

এ সময় ওয়াশরুমের মেঝেতে একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

খবর পেয়ে এপিবিএনের কর্মকর্তারা, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের উপস্থিতিতে ভেতর থেকে লক থাকা স্টিলের দরজা কেটে ওয়াশরুমে প্রবেশ করা হয়। পরে সেখান থেকে এএসআই রুবেল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুমের ভেতরে স্ট্রোক করে এএসআই রুবেল হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে চিকিৎসকের মতামত ও আইনগত তদন্তসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত শেষে এএসআই রুবেল হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ক্যাটাগরি