উখিয়ায় ৮ রাউন্ড গুলি ও ৫ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৮ রাউন্ড তাজা গুলি ও ৫ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শনিবার (৮ আগস্ট) ভোরে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল জানতে পারে, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি এলাকায় একটি বসতঘরের সামনে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মহিলা র্যাব সদস্যদের সহায়তায় কৌশলে দুই নারীকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মো. আমিনের মেয়ে সমছিদা (১৭) এবং ছালেহ আহম্মেদের স্ত্রী লায়লা খাতুন (৪৭)।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি ও তাদের দেখানো বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গুলি ও গাঁজা উদ্ধার করা হয়। সমছিদার পরনে থাকা সেলোয়ারের ডান কোমরে গোজানো একটি সাদা ছোট কৌটার ভেতর থেকে ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
অন্যদিকে, লায়লা খাতুনের দেখানো মতে তার বসতঘরের সামনের কক্ষের আলনার পেছনে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পাঁচটি নীল রঙের পলিথিনের ব্যাগে সংরক্ষিত মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১৫ জানিয়েছে, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা গুলি ও গাঁজাসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় মাদক ও অস্ত্রের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত চলছে।