রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়ায় ২৩ লাখ ৮৫ হাজার টাকার বিদেশি সিগারেট জব্দ

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা প্রায় ২৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার পালংখালী সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানটি পরিচালিত হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় একটি সন্দেহজনক সিএনজিকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চালকসহ চোরাকারবারিরা সিএনজিটি ফেলে পালিয়ে যায়।

পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস এবং ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ২৩ লাখ ৮৫ হাজার টাকা। একই সঙ্গে সিগারেট পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা সিগারেট ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ক্যাটাগরি