সদর উপজেলা

বাড়ি থেকে ডেকে মদপানের পর সাইফুল ইসলাম নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা!

কক্সবাজার শহরে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন এলাকায় মদ পানের পর সাইফুল ইসলাম (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মাদক লেনদেন ও মোটরসাইকেল বেচাকেনা নিয়ে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

রবিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বইল্ল্যা পাড়া সংলগ্ন জাদী পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম পশ্চিম পাহাড়তলী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সকাল ১০টার দিকে পূর্বপরিচিত কয়েকজন সাইফুলকে বাড়ি থেকে ডেকে জাদী পাহাড়ে নিয়ে যায়। সেখানে তারা একসঙ্গে মদ পান করে। একপর্যায়ে তাদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়। এ সময় সাইফুলকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা জাদী পাহাড়ে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে পড়ে থাকতে দেখে তার স্বজনদের খবর দেন। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, সাইফুলের সঙ্গে ওই ব্যক্তিদের মাদক লেনদেন ও মোটরসাইকেল বেচাকেনা নিয়ে পূর্ব বিরোধ ছিল। ওই বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনায় জড়িতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ক্যাটাগরি