সদর উপজেলা

কলাতলীর সৈকত পাড়ায় হোটেল-মোটেল জোনে ভয়াবহ আগুন, পুড়ল চার বসতি

কক্সবাজার শহরের পর্যটন এলাকা কলাতলীর হোটেল-মোটেল জোনসংলগ্ন সৈকতপাড়া সড়কে অগ্নিকাণ্ডে অন্তত চারটি বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে একটি হোটেলসংলগ্ন বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হোটেল-মোটেল জোনের পাশের একটি বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় অন্তত চারটি বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুনের খবর ছড়িয়ে পড়ার পর এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতবাড়ির বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে তাঁরা সড়কে অবস্থান নেন।

এদিকে কক্সবাজারের পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভ-সংলগ্ন উখিয়ার ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার ছয় দিন পর, ২৩ অক্টোবর কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসেও আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ক্যাটাগরি