সদর উপজেলা

শহরে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখমের অভিযোগ

কক্সবাজার শহরের পূর্ব বাজারঘাটা এলাকায় পাঁচ লাখ টাকা এককালীন এবং প্রতি মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে এক রেস্টুরেন্ট ব্যবসায়ীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রায় ১৫ হাজার টাকা মূল্যের হাতঘড়ি ভাঙচুরেরও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মিজবাহ উদ্দিন (৩৫) ও মো. সেলিম (৩০) নামে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. সালাহ উদ্দিন (৪০) কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দিয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, সালাহ উদ্দিনের মালিকানাধীন ‘মক্কা রেস্টুরেন্ট’ কক্সবাজার পৌরসভার পূর্ব বাজারঘাটা এলাকার নাপিত পুকুরের পূর্ব পাড়ে হোটেল সি হার্টের নিচে অবস্থিত। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা কয়েক দফায় রেস্টুরেন্টে গিয়ে ব্যবসা পরিচালনা করতে হলে এককালীন পাঁচ লাখ টাকা এবং প্রতি মাসে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে তাঁকে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বিভিন্ন সময়ে তাঁকে অপহরণ, দোকানে ডাকাতি, পরিবারের সদস্যদের ক্ষতিসাধন এবং বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৩ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে পূর্ব বাজারঘাটা এলাকার এবিসি রোডে সালাহ উদ্দিনকে একা পেয়ে পথরোধ করেন অভিযুক্তরা। এ সময় তাঁরা পুনরায় চাঁদা দাবি করলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে ঘিরে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। পরে মিজবাহ উদ্দিন হাতুড়ি এবং সেলিম লোহার রড দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ সময় মিজবাহ উদ্দিন তাঁর প্যান্টের পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যান এবং সেলিম প্রায় ১৫ হাজার টাকা মূল্যের রাডো ব্র্যান্ডের হাতঘড়িটি আছাড় দিয়ে ভেঙে ফেলেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় সালাহ উদ্দিনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া চাঁদা না দিলে তাঁকে হত্যার পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী সালাহ উদ্দিন জানান, ঘটনার পর আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে। ঘটনার বিষয়ে তাঁর কাছে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে এ বিষয়ে অভিযুক্ত মিজবাহ উদ্দিন ও মো. সেলিমের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে পরবর্তীতে বক্তব্য পাওয়া গেলে তা যত্ন সহকারে প্রকাশ করা হবে।

পুলিশ জানান, এজাহার পেয়েছি যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাটাগরি