চট্টগ্রাম

চট্টগ্রামে ছিনতাইকারী ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ নিহত

চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীকে ধাওয়া করার সময় মিনি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে পুলিশের এক কনস্টেবল মারা গেছেন। নিহতের নাম আল আমিন সরদার।

সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আল আমিন সরদার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত ছিলেন। ২০২২ সালে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন তিনি। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী এলাকায়।

নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, রোববার ভোরে ওয়াসা মোড়সংলগ্ন জমিয়াতুল ফালাহ জামে মসজিদের পশ্চিম গেটে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আল আমিন।

তিনি বলেন, এ সময় মোটরসাইকেল নিয়ে এক ছিনতাইকারীকে ধাওয়া করতে গেলে একটি মিনি বাসের ধাক্কায় গুরুতর আহত হন আল আমিন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আল আমিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

কনস্টেবল আল আমিন সরদারের মৃত্যুতে শোক জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

ক্যাটাগরি