কক্সবাজার জেলা

রামুতে যাত্রীবেশে বাসে ইয়াবা পাচার, ১০ হাজার পিসসহ বৃদ্ধ আটক

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী মিনি বাসে বসে ইয়াবা পাচারের সময় আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘জনতা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী মিনি বাসে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আব্দুর রাজ্জাক কক্সবাজার পৌরসভার পূর্ব লাইট হাউজপাড়া ফাতের ঘোনা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আমির হোসেন এবং মায়ের নাম মৃত কুলসুমা বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় সূত্র জানায়, রামু রাবার বাগানে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা মিনি বাসটির এ-৩ নম্বর আসনে বসেছিলেন আব্দুর রাজ্জাক। সন্দেহ হওয়ায় তাঁকে তল্লাশি করা হয়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, আব্দুর রাজ্জাকের ডান পায়ের হাঁটুর ওপর স্কচটেপ ও ব্যান্ডেজ দিয়ে মোড়ানো চারটি স্বচ্ছ পলিপ্যাকেটে চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়। একইভাবে বাম পায়ের হাঁটুর ওপর আরও চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর পরনের লুঙ্গির ডান কোঁচরে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো ১০টি জিপারলক প্যাকেটে পাওয়া যায় আরও দুই হাজার পিস ইয়াবা। সব মিলিয়ে তাঁর কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বলে জানান সোমেন মন্ডল।

ক্যাটাগরি