প্রধানমন্ত্রী পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন ডিসেম্বরে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে। পরিকল্পনাটি চূড়ান্ত ও অনুমোদিত হলে আগামী বছরের জানুয়ারি থেকে দেশের প্রায় ১ হাজার ৫০০টি পর্যটন আকর্ষণকে ঘিরে সমন্বিত উন্নয়ন কার্যক্রম শুরুর লক্ষ্য রয়েছে সরকারের।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানান, ঢাকায় প্রস্তাবিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ চলাকালে মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পাঁচ দিনব্যাপী এ উৎসব আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি এবং এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
ফারুকী বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাপরিকল্পনাটি মন্ত্রণালয়ে জমা দেওয়ার আশা করা হচ্ছে। চূড়ান্তকরণ প্রক্রিয়া শেষ করে জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন পাওয়া গেলে জানুয়ারি থেকেই বাস্তবায়ন শুরুর লক্ষ্য রয়েছে।
তিনি জানান, পরবর্তী অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানোর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই করা মহাপরিকল্পনাটি হাতে পাওয়ার আশা করছে বিটিবি।
বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী যাতে আনুষ্ঠানিকভাবে নথিটি উন্মোচন করতে পারেন, সে লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিটিবি প্রধান।
২০১৯ সালে মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়ার পর থেকেই দেশের পর্যটন খাত একটি সমন্বিত জাতীয় উন্নয়ন রূপরেখার অপেক্ষায় রয়েছে। কোভিড-১৯ মহামারি, প্রশাসনিক জটিলতা ও বিভিন্ন সময়ে পর্যালোচনার কারণে প্রক্রিয়াটি একাধিকবার বিলম্বিত হয়েছে।
মহাপরিকল্পনায় ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ
জাতীয় পর্যটন মহাপরিকল্পনার সারসংক্ষেপ অনুযায়ী, ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা তুলে ধরা হয়েছে এতে। এর মূল লক্ষ্য বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা।
মহাপরিকল্পনায় দেশের আটটি প্রশাসনিক বিভাগে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ বা আকর্ষণ চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে অবকাঠামো, পর্যটন পণ্য, গন্তব্য ব্যবস্থাপনা, বিপণন ও মানবসম্পদের সমন্বিত উন্নয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।
এ রূপরেখায় সমুদ্রসৈকত, ইকো-ট্যুরিজম, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী পর্যটন, ধর্মীয় পর্যটন, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক ও গ্রামীণ পর্যটন, ক্রুজ এবং ‘মাইস’ (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) পর্যটন বিকাশের প্রস্তাব রয়েছে।
বিনিয়োগ আকর্ষণে ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, গন্তব্য ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণের সুপারিশও করা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা ও স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রস্তাব রয়েছে।
জানুয়ারি থেকেই বাস্তবায়ন শুরুর পরিকল্পনা
ফারুকী জানান, প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে ২০২৭ সালের জানুয়ারি থেকেই অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন মানে শুধু হোটেল, রিসোর্ট ও অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ নয়।
প্রাথমিক কার্যক্রমের মধ্যে পর্যটন গন্তব্যের প্রচারণা, পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং সরকারি সংস্থা ও বেসরকারি খাতের অংশীজনদের মধ্যে সমন্বয় সাধনের বিষয়গুলো থাকতে পারে।
মহাপরিকল্পনায় দায়িত্বশীল প্রতিষ্ঠান চিহ্নিতকরণ, অর্থায়নের বিকল্প উৎস, প্রকল্পের অগ্রাধিকার এবং তদারকি ব্যবস্থা নির্ধারণ করে একটি বাস্তবায়ন কাঠামোর প্রস্তাবও রাখা হয়েছে। পর্যটন খাতের বিকাশ ত্বরান্বিত করতে প্রাথমিক অগ্রাধিকারমূলক প্রকল্প গ্রহণ, বিনিয়োগে প্রণোদনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের সুপারিশ করা হয়েছে।
পর্যটন উন্নয়নে সরকারের অগ্রাধিকার
এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে পর্যটনকে অন্যতম প্রধান খাত হিসেবে গড়ে তুলতে সরকার সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা তৈরি করছে।
তিনি বলেন, সরকার পর্যটনকে অগ্রাধিকারমূলক খাত হিসেবে চিহ্নিত করেছে। মহাপরিকল্পনার আওতায় পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রী কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন উন্নয়নের জন্য ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করেছে সরকার। এ ছাড়া দেশের আতিথেয়তা খাতের জনবলকে দক্ষ করে তুলতে মোটেল লাবণী চত্বরে আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও সংসদে জানিয়েছেন, সরকার প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্ত করছে।
তিনি বলেন, কমিউনিটিভিত্তিক পর্যটনের প্রসার, পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজও শুরু হয়েছে।
কার্যকর বাস্তবায়ন চান পর্যটন খাতের অংশীজনরা
পর্যটন শিল্পের অংশীজনরা দীর্ঘদিন ধরে মহাপরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তাঁদের মতে, সমন্বিত বিনিয়োগ, পেশাদার গন্তব্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের সেবার মান উন্নয়ন ছাড়া দেশের পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ শক্তিশালী পর্যটন প্রতিষ্ঠান, পেশাদার প্রশিক্ষণ ও নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন।
টোয়াবের সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটকদের অভিজ্ঞতা ও সেবার মানোন্নয়নের পক্ষে মত দিয়েছেন।
প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমানও বেসরকারি খাতের অংশগ্রহণ, কার্যকর গন্তব্য ব্যবস্থাপনা ও সমন্বিত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, মহাপরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, পরিবেশগত স্থায়িত্ব, পর্যটন বিপণন এবং উন্নত যোগাযোগব্যবস্থার ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন।