পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ
দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপও করবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।
সোমবার কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, পাঁচ ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে এবং ২৭ মে। প্রতিটি ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার।
নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজারটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।
কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই সংলাপ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, প্রথম ধাপের নির্বাচনের অন্তত ৫০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।