কক্সবাজার জেলা

সেন্টমার্টিনে ৩৮ জেলে আটক, ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সমুদ্র এলাকায় ১২ মিটার গভীরতায় এ অভিযান পরিচালনা করা হয়। ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা বিশেষ এ অভিযান চালায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানের সময় সন্দেহজনক দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ৩৮ জন জেলেকেও আটক করা হয়।

জব্দ করা ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি