সারা দেশ

শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী ও ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হাফিজুর রহমান খান।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

মামলার বিবরণে জানা যায়, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। পরদিন মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডের বিরুদ্ধে দুই আসামি জেল আপিল করেন। এসব আবেদনের শুনানি শেষে মঙ্গলবার রায় দেন হাইকোর্ট। রায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখা হলেও স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

ক্যাটাগরি