আদালতে আত্মসমর্পণ চৌরঙ্গী মালিকের, ৮ লাখ টাকা জরিমানা দিয়ে পেলেন জামিন
নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে কক্সবাজারের চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মোহাম্মদ আলী। পরে অপরাধ স্বীকার করে মামলা নিষ্পত্তির আবেদন জানালে আদালত সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের মাধ্যমে এ রায় দেন।
এর আগে গত ১৪ নভেম্বর কক্সবাজার শহরের বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ওই অভিযানে চৌরঙ্গী বেকারির উৎপাদনস্থলে অস্বাস্থ্যকর পরিবেশ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার, লেবেলবিহীন ভেজাল ঘি উৎপাদন এবং অপরিচ্ছন্ন কাপড় দিয়ে ঢেকে দই তৈরিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়।
অভিযানের সময় প্রতিষ্ঠানটিকে ৮ লাখ টাকা জরিমানা করা হলেও তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা সম্ভব হয়নি। পরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কক্সবাজার কার্যালয়ের পক্ষ থেকে চৌরঙ্গী বেকারি ও কাসুন্দী রেস্টুরেন্টের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে পৃথক দুটি প্রসিকিউশন দাখিল করা হয়।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত মামলা দুটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মঙ্গলবার চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলী আদালতে আত্মসমর্পণ করে অপরাধ স্বীকার করেন। পরে আদালত তাঁকে ৮ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় তাঁর কারাদণ্ড কার্যকর করা হয়নি।