টেকনাফ

টেকনাফে অসুস্থ হাতির চিকিৎসা সম্পন্ন, শরীরে ৮টি গুলির ক্ষত; পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা নেই

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় অসুস্থ হাতিটির চিকিৎসা সম্পন্ন হয়েছে। দুই দিনের চেষ্টায় হাতিটিকে খুঁজে বের করে চিকিৎসা দিয়েছে বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ মেডিকেল টিম। হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত ও বুলেটের দানা পাওয়া গেছে। চিকিৎসকদের ধারণা, হাতিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে না, তবে আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে।

বুধবার (১৮ নভেম্বর) দ্বিতীয় দিনের প্রচেষ্টায় হাতিটিকে ট্রাংকুলাইজেশনের মাধ্যমে অচেতন করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘ অনুসন্ধান ও দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান শেষে চিকিৎসা সম্পন্ন হওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্টদের মধ্যে। তবে হাতিটির শারীরিক অবস্থা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে।

সহকারী বন সংরক্ষক তানভীর ইসলাম নাহিদ বলেন, অসুস্থ হাতিটির বিষয়ে অবগত হওয়ার পর থেকেই চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে বিভাগীয় নির্দেশনা পাওয়া গেছে। অবশেষে হাতিটির চিকিৎসা সম্পন্ন হয়েছে।

ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান জানান, হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত রয়েছে এবং বুলেটের দানাও পাওয়া গেছে। হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর মতে, হাতিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে না, তবে আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হবে।

শিলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, হাতি বনের সম্পদ। একটি হাতির শরীরে আটটি গুলির ক্ষত থাকা অত্যন্ত দুঃখজনক। মানুষ কীভাবে একটি প্রাণীর এত ক্ষতি করতে পারে, তা বেদনাদায়ক। বন্যপ্রাণী রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়া উচিত।

এর আগে কয়েক দিন ধরে বাহারছড়ার জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় অসুস্থ হাতিটিকে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। পরে বন বিভাগ ও বিশেষজ্ঞ মেডিকেল টিম দীর্ঘ অনুসন্ধান চালিয়ে জাহাজপুরার গহিন পাহাড়ে হাতিটির সন্ধান পায়।

ক্যাটাগরি