সারা দেশ

‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’, বাবাকে মেসেজ দিয়ে শিশুকন্যাকে ‘খুন’ করলেন মা

রাজধানীর রামপুরার বনশ্রীতে আসফিয়া জাহান নূর নামে চার বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা মেহেরুননেসাকে আটক করেছে পুলিশ। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাসার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

শিশুটির দূরসম্পর্কের আত্মীয় দাদি ফরিদা ইয়াসমিনের ভাষ্য, মঙ্গলবার বিকেলে মেহেরুননেসা হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ান্স’ ফিচার ব্যবহার করে শিশুটির বাবা আশরাফুল হক ইমনকে দুটি ভয়েস বার্তা পাঠান। প্রথম বার্তায় তিনি বলেন, ‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি।’ পরে আরেকটি বার্তায় বলেন, ‘আমি তোর মাইয়্যারে মাইরা ফেলাইছি।’

বার্তা দুটি শোনার পর ইমন তাঁদের ভাড়া বাসার বাড়িওয়ালা এমদাদুল হককে ফোন করে বিষয়টি জানান এবং বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন। বাড়িওয়ালা সেখানে গেলে মেহেরুননেসা তাঁকে বলেন, ‘আমার মেয়েকে আমি মেরে ফেলেছি, আমাকে পুলিশে ধরিয়ে দিন, যা ইচ্ছা তাই করুন।’

পরে বাড়িওয়ালা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

ফরিদা ইয়াসমিন জানান, প্রায় ছয় বছর আগে ইমন ও মেহেরুননেসার বিয়ে হয়। বিয়ের প্রথম বছর ভালো কাটলেও পরবর্তী সময়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। দুই পরিবারের সদস্যরা কয়েকবার বসে বিরোধ মীমাংসার চেষ্টা করলেও কিছুদিন পর আবার ঝামেলা শুরু হতো বলে দাবি করেন তিনি।

ফরিদা ইয়াসমিনের অভিযোগ, মেহেরুননেসা প্রায়ই তাঁর স্বামীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মেহেরুননেসার বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, মেহেরুননেসার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়। তিনি মৃত মহসীনের মেয়ে। শিশুটির বাবা আশরাফুল হক ইমন একটি কাপড়ের দোকানে কাজ করেন।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, ৯৯৯-এ খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনশ্রীর ওই বাসার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বুধবার ময়নাতদন্তের কার্যক্রম চলছিল।

এসআই আরও জানান, এ ঘটনায় শিশুটির মাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সময় শিশুটির বাবা বাসায় ছিলেন না বলেও জানান তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ আজিমপুরে নিয়ে যাওয়া হবে।

ক্যাটাগরি