রেলপথকে টার্গেট করে নাশকতার ছক পূর্বাঞ্চলের ৮ স্থানে হামলা, অরাজকতা এড়াতে সর্বোচ্চ সতর্কতা
নভেম্বরের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন স্থাপনায় আটটি নাশকতার ঘটনা ঘটেছে। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও স্টেশনমাস্টারের কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া ট্রেনের আসন পুড়িয়ে দেওয়া, কোচের যন্ত্রাংশ কেটে দেওয়া এবং রেললাইনের পাশে আগুন ধরানোর ঘটনাও ঘটেছে।
রেলওয়ের এক প্রতিবেদনে এসব ঘটনার বিবরণ তুলে ধরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকটি ঘটনায় ট্রেন চলাচলে বিলম্ব হলেও রেলের স্থায়ী অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনাগুলোর মধ্যে রয়েছে ৯ নভেম্বর গেন্ডারিয়া স্টেশনের আউটার পয়েন্টে ককটেল বিস্ফোরণ। ১০ নভেম্বর চট্টগ্রাম জংশনে স্টেশনমাস্টারের কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ, দৌলতকান্দি-মেঘনা সেকশনে রেললাইনে আগুন, মোহনগঞ্জ এক্সপ্রেসের আসনের কভার পোড়ানো, জামালপুরে রেললাইনের পাশে আগুন, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়া এবং জয়দেবপুরে তুরাগ কমিউটার ট্রেনের কোচে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ১১ নভেম্বর আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের একটি কোচেও আগুন দেওয়া হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম পিইঞ্জ বলেন, নাশকতা প্রতিরোধে রেলওয়ে সতর্ক রয়েছে। স্টেশনে নজরদারি ও ট্রেনে টহল বাড়ানো হয়েছে। রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করতে বলা হয়েছে।
নিরাপত্তা জোরদারে রেলপথ মন্ত্রণালয় রেললাইন, সেতু, কালভার্ট, স্টেশন, ইয়ার্ড, ডিপো ও জ্বালানি সংরক্ষণাগারে পাহারা বাড়ানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি সিসিটিভি সচল রাখা, প্রবেশকারীদের পরিচয় যাচাই এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।