রামুর ঈদগড়ে অবৈধ অস্ত্র পাচারকালে ৩ যুবককে পুলিশে দিল জনতা
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পানিস্যা ঘোনা এলাকা থেকে অবৈধ দেশীয় অস্ত্র ও গুলিসহ তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬ টার দিকে একদল স্থানীয় যুবক অস্ত্র পাচারের সংবাদ পেয়ে পাচারকারীদের আটক করার চেষ্টা শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পরে, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে তিন যুবক একটি পলিথিনে মোড়ানো প্যাকেটে দেশীয় তৈরি এক নলা বন্দুক এবং ছয় রাউন্ড গুলি নিয়ে বাইশারীর দিকে যাচ্ছিলেন। স্থানীয়রা তাদের আটক করে ঈদগড় ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মিজানুর রহমানকে অবহিত করলে তিনি পুলিশে খবর দেন।
ঈদগড় পুলিশ ফাঁড়ি থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। আটকৃতরা হলেন, ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ করলিয়া মুরার বাসিন্দা মোঃ হারুনুর রশিদের পুত্র মামুনুর রশিদ (আকিব), বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের পুত্র নেজাম উদ্দিন ও একই ওয়ার্ডের আইয়ুব আলীর পুত্র সাইফুল ইসলাম প্রমুখ।
অস্ত্র বহনকারীরা জানিয়েছেন, ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত শহর আলীর পুত্র এবং সাবেক গ্রাম পুলিশ নূর মোহাম্মদ (কালু) তাদের মাধ্যমে অস্ত্র ও গুলি বাইশারীতে পাচার করছিলেন।
ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, “স্থানীয় ওয়ার্ড মেম্বারের মাধ্যমে খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং তাদেরকে আটক করা হয়েছে। এছাড়া, কোথা থেকে এবং কীভাবে অস্ত্র তৈরি ও পাচার করা হচ্ছে, তা তদন্ত করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকাবাসী চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশকে আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, অস্ত্র পাচারের মতো ঘটনাগুলো দীর্ঘদিন ধরে রামু উপজেলার বিভিন্ন এলাকায় চলছিল, যা সমাজে ভীতি সৃষ্টি করছে।
এই ঘটনায় রামু থানা পুলিশ সতর্কতা অবলম্বন করছে এবং আটকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।