দল ছাড়লেন এনসিপির আরেক নেতা, নির্বাচন না করার ঘোষণা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ ও সংসদ সদস্য প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফেনী-৩ আসনের প্রার্থী আবুল কাশেম। রবিবার (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুকে দেওয়া ঘোষণায় আবুল কাশেম বলেন, নীতিগত কারণেই তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না। তিনি ফেনী-৩ আসনের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তা তার ব্যক্তিগত আদর্শ ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই পারস্পরিক সম্মানের ভিত্তিতে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগের অংশ নয় এবং এটি কোনো দ্বন্দ্বের ফলও নয়। মতাদর্শগত ভিন্নতার কারণে আলাদা হওয়াকেই তিনি দায়িত্বশীল ও সঠিক পথ বলে মনে করেছেন।
এ বিষয়ে এনসিপির ফেনী জেলা সদস্যসচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং এখন পর্যন্ত আবুল কাশেমের কোনো লিখিত পদত্যাগপত্র পাননি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সঙ্গে সম্ভাব্য জোট বা রাজনৈতিক সমঝোতার আলোচনা শুরু হওয়ার পর এনসিপির ভেতরে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। এর আগে গত ২৫ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নির্বাহী কাউন্সিলের সদস্য মীর আরশাদুল হক পদত্যাগ করেন। এরপর ২৭ ডিসেম্বর পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। আজ একই ধারাবাহিকতায় পদত্যাগের ঘোষণা দেন তাসনুভা জাবীন।