কক্সবাজার-৩ ও ৪ আসনে মনোনয়ন বৈধ ১০ প্রার্থীর, বাতিল ১ জনের
কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই শেষে এ দুই আসনে মোট ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং ১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার সকালে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ দুটি আসনের মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
কক্সবাজার-৩ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাচাই-বাছাই শেষে ভোটার স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস মিয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির জগদীশ বড়ুয়া পার্থ এবং আমজনতার দলের নুরুল আবছার।
অন্যদিকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মনোনয়ন জমা দেওয়া পাঁচজন প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর আমির নুর মুহাম্মদ আনোয়ারী, ইসলামী আন্দোলনের নুরুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আরফাত এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (এনডিএম) মনোনীত প্রার্থী সাইফুদ্দিন খালেদ।
কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান জানান, কক্সবাজার-৩ ও ৪ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে কক্সবাজার-৩ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং বাকি ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আগামী ৫ থেকে ১১ জানুয়ারির মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে কক্সবাজার-১ ও কক্সবাজার-২ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ১৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।