শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের ডাক: জেলা বিএনপি কার্যালয়ে সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে ঘিরে সরকার ও প্রশাসন বিএনপির প্রতি ঝুঁকে পড়েছে—জামায়াত ও এনসিপির এমন অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান নির্বাচনী পরিস্থিতিতে এখন পর্যন্ত মোটামুটি লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, কারও বা কোনো রাজনৈতিক দলের যদি নির্বাচন নিয়ে অভিযোগ থাকে, তাহলে তা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্থাপন করা যেতে পারে। তবে অভিযোগ অবশ্যই বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক হতে হবে।

তিনি আরও বলেন, “হাওয়ার ওপর ভর করে অভিযোগ তোলা গণতান্ত্রিক চর্চার অংশ নয়। পরস্পরের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন কর্মসূচির কথাও জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারেক রহমান শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারতের পরিকল্পনা করেছেন। এরই অংশ হিসেবে আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারির মধ্যে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের উদ্দেশ্যে কক্সবাজার সফরের সম্ভাবনা রয়েছে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সালাহউদ্দিন আহমদ আকাশপথে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।

ক্যাটাগরি