ঝড়ের প্রভাবে ব্রিটেনের আকাশে গোলাপি আভা
স্টর্ম গোরেট্টির প্রভাবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় ভারী তুষারপাতের সময় ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের আকাশে দেখা যায় ঝলমলে গোলাপি আভা। বিশেষ করে বার্মিংহাম শহর ও স্ট্যাফোর্ডশায়ারের হেডনেসফোর্ড এলাকায় এই বিরল ও দৃষ্টিনন্দন দৃশ্য মানুষের দৃষ্টি কাড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তুষারপাতের মধ্যে আকাশজুড়ে ছড়িয়ে আছে উজ্জ্বল গোলাপি রঙের আলো, যা অনেককে বিস্মিত করে তোলে। বিষয়টি ব্যাখ্যা করে বিবিসির আবহাওয়া উপস্থাপক সাইমন কিং জানান, ঘন মেঘ ও পড়তে থাকা তুষার কণার সঙ্গে শহরের কৃত্রিম আলোর প্রতিফলনের ফলেই এমন রঙিন আভা তৈরি হয়েছে। তার মতে, বার্মিংহাম সিটির ফুটবল মাঠ সেন্ট অ্যান্ড্রুজ স্টেডিয়ামের শক্তিশালী ফ্লাডলাইট এই গোলাপি আভা তৈরির একটি বড় উৎস হতে পারে।
এদিকে হেডনেসফোর্ড টাউন ফুটবল ক্লাবও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সপ্তাহের শুরুতে একই ধরনের আলোর দৃশ্য তারা লক্ষ্য করেছিল। এতে ধারণা করা হচ্ছে, আবহাওয়া পরিস্থিতি ও স্টেডিয়ামের আলো মিলেই এই অস্বাভাবিক কিন্তু সুন্দর প্রাকৃতিক-নগরীয় দৃশ্যের জন্ম দিয়েছে, যা স্টর্ম গোরেট্টির সঙ্গে যুক্ত হয়ে আরও নাটকীয় রূপ নিয়েছে।