কক্সবাজার জেলা

কক্সবাজারে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ দুইজন আটক

আটক পরীক্ষার্থী-তৌহিদুল ইসলাম,বশির আহমেদ

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। হাতের বাহুতে লুকানো অত্যাধুনিক ওয়্যারলেস অডিও ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশ নেওয়ার সময় শুক্রবার সকালে কক্সবাজার সিটি কলেজের ৪০২ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটক পরীক্ষার্থীরা হলেন— বশির আহমেদ, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকার নুরুল হকের ছেলে এবং তৌহিদুল ইসলাম, চকরিয়া উপজেলার চিরিঙ্গা এলাকার শামসুল আলমের ছেলে।

কলেজ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে যে, বশির আহমেদ ওয়্যারলেস ডিভাইস ব্যবহার করে বাইরে থেকে উত্তর গ্রহণ করছিলেন এবং তৌহিদুল ইসলাম এ কাজে সহযোগিতা করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং জানান, আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, শুক্রবার শেষ ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২৪ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী অংশ নেন।

ক্যাটাগরি