গৃহবধূকে ধর্ষণের অপরাধে চকরিয়ায় জয়নাল আবেদীনের যাবজ্জীবন কারাদণ্ড
চকরিয়ায় গৃহবধূকে ধর্ষণের দায়ে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারিক হাকিম মো. আবু হানিফ এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর মো. তওহীদুল আনোয়ার। দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন (৪০) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের শাহরিয়ার পাড়ার মৃত আবু তালেবের ছেলে। অপর আসামি ছমি উদ্দিন অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পান।
মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ১৬ জুন সন্ধ্যায় রমজানের তারাবির নামাজের সময় ভুক্তভোগীর পরিবারের পুরুষ সদস্যরা মসজিদে গেলে গৃহবধূ ঘরে একা ছিলেন। এ সুযোগে জয়নাল আবেদীন ও তার এক সহযোগী ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ তা নথিভুক্ত না করায় ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সরাসরি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পরে পুলিশ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়।
আদালত ২০১৮ সালের ৮ এপ্রিল অভিযোগ আমলে নেয় এবং ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার রায় ঘোষণার দিনে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জয়নাল আবেদীনের সর্বোচ্চ শাস্তি প্রদান করেন। রায় ঘোষণার সময় উভয় আসামিই আদালতে উপস্থিত ছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।