শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

ধর্ষণে বাধা দেওয়ায় নারীকে খুন তরুণের, গ্রেপ্তার ১৮ বছরের তরুণ

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে এক নারী সফটওয়্যার প্রকৌশলীকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় শ্বাসরোধ করে হত্যার চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পেয়েছে। এ ঘটনায় কর্ণেল কুরাই (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত নারীর নাম শর্মিলা ডিকে (৩৪)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, গত ৩ জানুয়ারি রাতে অভিযুক্ত কর্ণেল জানালার ফাঁক দিয়ে শর্মিলার বাসায় ঢুকে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে। শর্মিলা বাধা দিলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে কর্ণেল শর্মিলার মুখ ও নাক চেপে ধরে, এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

হত্যাকাণ্ডের পর অপরাধের প্রমাণ নষ্ট করতে কর্ণেল শর্মিলার পোশাক ও অন্যান্য আলামত শোবার ঘরের তোষকের ওপর রেখে আগুন ধরিয়ে দেয়। এরপর সে শর্মিলার মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। শুরুতে আগুন লাগার কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও, পুলিশের নিবিড় তদন্ত ও ফরেনসিক পরীক্ষায় বেরিয়ে আসে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পুলিশ জানায়, আশপাশের সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোন ট্র্যাকিং এবং বৈজ্ঞানিক আলামতের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে। তদন্তে আরও জানা গেছে, অভিযুক্ত ওই এলাকায় আগে থেকেই ঘোরাফেরা করত এবং সুযোগ খুঁজছিল।

বর্তমানে কর্ণেল কুরাইয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির খুন, ধর্ষণের চেষ্টা এবং তথ্যপ্রমাণ নষ্ট করার ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হলে বিচারিক হেফাজতে পাঠানো হয়।

এ ঘটনায় বেঙ্গালুরুতে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে টহল জোরদার করা হবে এবং এমন ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে আইনানুগ সব পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ কর্মকর্তারা বলেন, এটি একটি নৃশংস ও পূর্বপরিকল্পিত অপরাধ। দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তারা আদালতে শক্ত প্রমাণ উপস্থাপন করবেন।

ক্যাটাগরি