রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তার ঘোষণা
রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশকে আরও ৮০ লাখ ইউরো মানবিক সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা কার্যক্রম জোরদার করতে এ অর্থ ব্যয় করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় অবস্থিত ইইউ মিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, বাংলাদেশের জন্য বরাদ্দ করা অতিরিক্ত ৮০ লাখ ইউরো মোট ১ কোটি ৬০ লাখ ইউরোর একটি আঞ্চলিক সহায়তা প্যাকেজের অংশ।
এ অর্থ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য সুরক্ষাসেবা জোরদার করার পাশাপাশি খাদ্যনিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে।
ইইউ মিশন জানায়, অতিরিক্ত এই অর্থায়নের বাইরে ২০২৬ সালে বাংলাদেশের জন্য ইতোমধ্যে ২ কোটি ৩০ লাখ ইউরোর বেশি সহায়তা বরাদ্দ করা হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। এ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি সমাধানের পথ খুঁজে বের করতে বাস্তুচ্যুতির মূল কারণগুলো মোকাবিলার প্রচেষ্টায় সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তাও অব্যাহত রেখেছে সংস্থাটি।