মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস
‘মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই’- প্রতিপক্ষ প্রার্থীর সমালোচনার জবাবে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে মির্জা আব্বাস ব্যালট পেপার নিয়ে অসংগতি থাকার অভিযোগ তুলে বলেন, ‘ব্যালট পেপারে যা দেখছি, সেটা উদ্দেশ্যমূলক। নির্বাচন কমিশনের উচিত দ্রুত বিষয়টি সংশোধন করা।’
তিনি জানান, আনুষ্ঠানিক কোনো নির্বাচনী প্রচারণা তারা করছেন না; সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন মাত্র।
ঢাকা-৮ আসনের অপর প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর আগের দিনের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ‘দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই। এসব আমি আমলে নিচ্ছি না। তবে কেউ যদি এই আসনে মব (উচ্ছৃঙ্খল জনতা) তৈরির চেষ্টা করে, তার দায় তাকেই নিতে হবে।’
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছু প্রার্থী ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এবং আচরণবিধি লঙ্ঘনের পরিবেশ তৈরি হয়।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমার এলাকার ভোটারদের বলছি, কোনো ধরনের উসকানিতে কান দেবেন না। আমাদের নেতাকর্মীরাও সতর্ক আছে, তারা কোনো প্ররোচনায় পা দেবে না।’