হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারে করে দেশ ছাড়বেন, নাকি পদত্যাগ করবেন—ক্ষমতা ছাড়ার পথ তাঁকেই নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, অতীতে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য তাঁরা লড়াই করেছেন এবং বিএনপিও তখন তাঁদের সঙ্গে ছিল। তাঁর অভিযোগ, বিএনপি সরকারে এসে এখন জনগণের মানবাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করছে।
তিনি বলেন, অতীতে যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তাদের পরিণতি ইতিহাসে লেখা রয়েছে। তারেক রহমানকে ঠিক করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের পদত্যাগের উদাহরণ টানেন।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সরকার মানবাধিকার সুরক্ষার পরিবর্তে তা হরণের পরিস্থিতি তৈরি করছে। শেখ হাসিনা সরকারের আমলে যেসব আইন ও প্রতিষ্ঠান ব্যবহার করে জনগণের অধিকার হরণ করা হয়েছে, বর্তমান সরকারও সেগুলো ব্যবহার করছে বলে দাবি করেন তিনি।
লং মার্চের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগও করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সিটি করপোরেশনের লোকজনও এতে যুক্ত। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য এ লং মার্চ করছে।